বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

সফল মানুষদের প্রতিদিনের ৫ অভ্যাস

NewsPaper

স্বদেশ বানী ডেস্ক

প্রকাশিত: ০৮ জানুয়ারি, ২০২৬, ০৬:০৭ অপরাহ্ণ

সফল মানুষদের প্রতিদিনের ৫ অভ্যাস

সফলতার মূল চাবিকাঠি কী জানেন? একাগ্রতা, ধারাবাহিকতা এবং লেগে থাকার মানসিকতা। বড় কোনো পরিবর্তন নয়, বরং ছোট ছোট দৈনন্দিন অভ্যাসই একসময় মানুষকে সফলতার শিখরে পৌঁছে দেয়। সফল ব্যক্তিদের জীবন পর্যালোচনা করলে দেখা যায়, তাদের সবার মধ্যেই কিছু অভিন্ন অভ্যাস ছিল। চলুন জেনে নেওয়া যাক সফল মানুষের প্রতিদিনের সেই ৫টি অভ্যাস—

১. খুব ভোরে ঘুম থেকে ওঠা

পৃথিবী জেগে ওঠার আগেই নিজের সকালকে নিজের করে নেওয়া এক ধরনের জাদুকরী পরিবর্তন আনে। প্রতিদিন ভোর ৫টায় ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তোলা উচিত। এটি শরীরে এন্ডোরফিনের মাত্রা বাড়ায়, মনোযোগ তীক্ষ্ণ করে এবং সারাদিনের কাজের গতি নির্ধারণ করে দেয়। বিজ্ঞানও এর পক্ষে কথা বলে—ভোরে ঘুম থেকে উঠলে কর্টিসল কম থাকে এবং মস্তিষ্কের শক্তি বৃদ্ধিতে সহায়ক ইউঘঋ-এর মাত্রা বেশি থাকে। কয়েক সপ্তাহের মধ্যেই আপনি লক্ষ্য করবেন শক্তি বেড়েছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হয়েছে এবং মানসিক চাপ অনেকটাই কমে গেছে।

২. প্রতিদিন অন্তত এক ঘণ্টা পড়ার অভ্যাস

প্রতিদিন কমপক্ষে এক ঘণ্টা পড়াশোনা করুন। পড়া চিন্তাভাবনাকে নতুনভাবে সাজাতে, সৃজনশীলতা বাড়াতে এবং শব্দভান্ডার সমৃদ্ধ করতে সাহায্য করে। এটি মানসিক চাপ কমায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে। অযথা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং বা টিভি দেখার বদলে জীবনী, দর্শন, কল্পকাহিনি কিংবা আত্মউন্নয়নমূলক বই পড়ুন। এতে মন আরও তীক্ষ্ণ হবে। উদাহরণ হিসেবে বলা যায়, ওয়ারেন বাফেট প্রতিদিন প্রায় ৫০০ পৃষ্ঠা পড়েন এবং বিল গেটসও একজন আগ্রহী পাঠক হিসেবে পরিচিত।

৩. নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় নিয়ে চিন্তা না করা

অযথা চিন্তা শুধু সময় ও শক্তির অপচয় ঘটায়। আপনার কাজ এবং মনোভাবের ওপর মনোযোগ দিন। যেসব বিষয় আপনার নিয়ন্ত্রণের বাইরে, সেগুলো মেনে নিয়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। মানসিক চাপ কমাতে ধ্যান ও জার্নালিংয়ের মতো অভ্যাস চর্চা করুন। এগুলো শুধু মনকে শান্তই করে না, চিন্তাকেও আরও স্পষ্ট করে তোলে। সফল মানুষেরা বিশৃঙ্খলা থেকে নিজেকে দূরে রেখে নিজের লক্ষ্যে মনোযোগী থাকেন।

৪. সপ্তাহে এক দিন ফোন ছাড়া কাটানো

ডিজিটাল ডিটক্স ডে মানে নিজের কাছে ফিরে আসা। সপ্তাহে অন্তত এক দিন ফোন ছাড়াই সময় কাটানোর চেষ্টা করুন। সেই সময় পরিবার, প্রকৃতি বা নিজের শখের কাজে ব্যয় করুন। সারাক্ষণ ডিজিটাল সংযোগ ও নোটিফিকেশন নীরবে আমাদের মানসিক শান্তি কেড়ে নেয়। তাই জীবনের আসল আনন্দ, প্রিয় মানুষ এবং নিজের প্রকৃত সত্তার সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করতে সপ্তাহে অন্তত এক দিন ফোন থেকে বিচ্ছিন্ন থাকা জরুরি।

৫. সবচেয়ে দয়ালু মানুষ হওয়ার চেষ্টা করা

দয়া কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ নেতৃত্বের গুণ। কারো জন্য দরজা ধরে রাখা, মন দিয়ে অন্যের কথা শোনা বা সামান্য সাহায্য করাও গভীর প্রভাব ফেলতে পারে। এসব কাজ শরীরে অক্সিটোসিন নিঃসরণ করে, যা আমাদের হৃদয়কে আনন্দে ভরিয়ে তোলে। তাই প্রতিদিন অন্তত একটি কাজ করুন, যার মাধ্যমে অন্যের প্রতি আপনার ভালোবাসা ও মমতা প্রকাশ পায়।

এই পাঁচটি ছোট কিন্তু শক্তিশালী অভ্যাস নিয়মিত চর্চা করলে ধীরে ধীরে আপনার জীবনেও সফলতার ছাপ স্পষ্ট হয়ে উঠবে।