বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

NewsPaper

স্বদেশ বানী ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৩ অপরাহ্ণ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

গুগলের জেমিনি চ্যাটবটের ন্যানো ব্যানানা ফিচার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ফিচারটি উন্মোচনের পর থেকে ব্যবহারকারীরা এআইয়ের মাধ্যমে একের পর এক চমকপ্রদ ছবির ট্রেন্ডে অংশ নিচ্ছেন। কেউ নিজেকে তুলে ধরছেন ছোট ফিগারিন রূপে, আবার কেউ শাড়ি পরিহিত অবতারে—সবই তৈরি হচ্ছে অত্যাধুনিক জেমিনি এআই প্রযুক্তির ছোঁয়ায়।

এ ধারাবাহিকতায় এখন সবচেয়ে বেশি নজর কাড়ছে ‘হাগ মাই ইয়াংগার সেল্ফ’ নামের একটি আবেগঘন ট্রেন্ড। এখানে দেখা যাচ্ছে, ব্যবহারকারীদের বর্তমান রূপ তাঁদের শৈশবের নিজেকে জড়িয়ে ধরছে।

এই ভাইরাল ট্রেন্ডে সম্প্রতি যোগ দিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। তিনি নিজের একটি এআই ছবি শেয়ার করেন, যেখানে বর্তমান আলিয়া তাঁর ছোটবেলার নিজেকে জড়িয়ে ধরছেন। ছবিটির সঙ্গে তিনি লেখেন—‘কখনো কখনো আমাদের নিজের আট বছরের ছোট ‘‘আমিকে’’ জড়িয়ে ধরা দরকার। এই সুন্দর মুহূর্তের জন্য ধন্যবাদ। আমি পারছি না (কান্নার ইমোজি)। ছোট আমি আজকের নিজেকে দেখে গর্বিত হতো।’

শুধু আলিয়া নন, এই ট্রেন্ডে আরও অনেক সেলিব্রিটির এআই তৈরি ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। প্রজক্তা কোলি একটি ছবি শেয়ার করেন, যেখানে তিনি তাঁর ছোট নিজেকে একটি ট্রফি দিচ্ছেন। ছবির ক্যাপশনে লেখেন: ‘ওএমজি’।

এ ছাড়া প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, শ্রদ্ধা কাপুর, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, অনন্যা পান্ডে, কারিনা কাপুর খান, ঐশ্বর্য রাই বচ্চন ও সুস্মিতা সেনের এআই তৈরি ছবি ঘুরে বেড়াচ্ছে, যেখানে তাঁদের বর্তমান রূপ শৈশবের নিজেকে জড়িয়ে ধরছে অথবা একসঙ্গে কোনো বিজয় উদ্‌যাপন করছে। যদিও এই ছবিগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট অভিনেত্রীদের তরফ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

তবে এই ট্রেন্ড চলাকালে শুরু হয়েছে পারসোনালিটি রাইটস রক্ষার দাবি। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তারকার ছবি, নাম ও পরিচিতি অনুমতি ছাড়া ব্যবহার করে কনটেন্ট তৈরির ঘটনা ক্রমেই বাড়ছে এবং বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

সম্প্রতি ঐশ্বর্য রাই বচ্চন আদালতে অভিযোগ করেন, তাঁর অজান্তে এবং অনুমতি ছাড়া এআই দিয়ে তৈরি কিছু অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়ানো হয়েছে, যা তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

এরপর অভিষেক বচ্চনও একই ধরনের একটি মামলা করেন, যেখানে তিনি অভিযোগ করেন, তাঁর নামে ভুয়া ছবি ও কনটেন্ট ব্যবহার করে পণ্য বিক্রি করা হচ্ছে।

দিল্লি হাইকোর্ট এই মামলাগুলোতে তাঁদের পক্ষে রায় দিয়েছেন।

করণ জোহরও একটি মামলা করেন, যেখানে তিনি বলেন, বিনা অনুমতিতে তাঁর নাম, ছবি ও পরিচিতি ব্যবহার করা হচ্ছে, যা তাঁর দীর্ঘদিনের পেশাগত ভাবমূর্তি নষ্ট করছে। আদালত তাঁর পক্ষে মত দিয়ে বলেন—তারকাদের নাম, ছবি ও কণ্ঠস্বর তাঁদের ব্যক্তিগত পেশাগত পরিচয়ের অংশ, যা আইনি সুরক্ষা পাওয়া উচিত।

এই প্রসঙ্গে জাহ্নবী কাপুরও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ। আমি আইনি বা টেকনিক্যাল বিষয়ে যাই না, তবে জানি, অনেক ভুয়া ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এমনকি কিছু মিডিয়া পোর্টালও এসব শেয়ার করে।’

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট দক্ষ কুমার, ‘পারসোনালিটি রাইটস মানে হলো—আপনার পরিচয়ের ভিআইপি পাস। আপনি নিজেই নিজের নাম, ছবি ও কণ্ঠস্বর নিয়ন্ত্রণ ও অর্থনৈতিকভাবে ব্যবহার করার অধিকার রাখেন। এটা কপিরাইট বা ট্রেডমার্কের মতো নয়—এটা সম্পূর্ণ আপনার নিজের ব্র্যান্ডসংক্রান্ত।’

দক্ষ কুমার আরও বলেন, ‘কপিরাইট হলো আপনি যা সৃষ্টি করেন (যেমন: বই, গান) তার জন্য। ট্রেডমার্ক হলো আপনার ব্র্যান্ডের জন্য। কিন্তু পারসোনালিটি রাইটস হলো আপনি নিজে। এটা হলো আপনার মুখ, আপনার কণ্ঠস্বর, আপনার নাম, যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে।’

২০২৪ সালে এআই দিয়ে তৈরি একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়, যেখানে হলিউড তারকারা তাঁদের ছোট ও বড়—দুই সময়ের নিজেকে একসঙ্গে জড়িয়ে ধরছেন।

এই আবেগঘন ভিডিওতে দেখা যায়—মেল গিবসন, এমিনেম, কিয়ানু রিভস, জুলিয়া রবার্টস, মাইকেল জ্যাকসন, টম হ্যাঙ্কস ও উইল স্মিথের মতো তারকারা শৈশবের নিজেকে জড়িয়ে ধরেছেন।