ঋতু পরিবর্তনের সময় অনেকেই গলা ব্যথার সমস্যায় ভোগেন। এ সময় আবহাওয়ার তারতম্যের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যেতে পারে। ফলে শরীর নতুন পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে দুর্বল হয়ে পড়ে এবং গলা ব্যথা দেখা দিতে পারে। প্রাথমিক পর্যায়ে কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলে উপকার পাওয়া যায়। তবে দীর্ঘদিন সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নিচে গলা ব্যথা কমানোর কয়েকটি ঘরোয়া উপায় তুলে ধরা হলো—
মধু
মধু প্রাকৃতিকভাবে প্রদাহ কমাতে সহায়তা করে। অনেক দেশেই এটি ভেষজ উপাদান হিসেবে ব্যবহৃত হয়। যদিও এটি আইবুপ্রোফেনের মতো ওষুধ নয়, তবুও এর নিজস্ব উপকারী গুণ রয়েছে। এক বছরের বেশি বয়সীদের জন্য মধু সাধারণত নিরাপদ এবং গলার প্রদাহ ও ব্যথা উপশমে কার্যকর হতে পারে। সংক্রমণের কারণে গলার পেছনে ব্যাকটেরিয়া জমলে শরীর প্রতিরোধ গড়ে তোলে, যার ফলে ব্যথা সৃষ্টি হয়—মধু সেই প্রদাহ কমাতে সাহায্য করতে পারে।
চা
কিছু চায়েরও প্রদাহনাশক বৈশিষ্ট্য রয়েছে, যেমন ক্যামোমাইল চা। এছাড়া গরম চায়ের উষ্ণতা গলার অস্বস্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চায়ের সঙ্গে মধু মিশিয়ে পান করলে উপকার আরও বাড়তে পারে। ব্যক্তিগত পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের চা বেছে নেওয়া যেতে পারে।
পুদিনা পাতা
পুদিনা সতেজ স্বাদের জন্য পরিচিত। কিছু গবেষণায় এর প্রদাহ-বিরোধী গুণের কথা বলা হয়েছে। তবে এটি ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন, কারণ অতিরিক্ত পুদিনা রক্তচাপ বাড়াতে পারে। তাই পুদিনা দিয়ে চা বা পানীয় তৈরি করলে পরিমাণ নিয়ন্ত্রণে রাখা উচিত।
অন্যান্য উপায়
অনেকে গলা ব্যথা কমাতে রসুনের কোয়া চিবিয়ে খান, কারণ এতে অ্যান্টিবায়োটিকের মতো গুণ রয়েছে বলে মনে করা হয়। কেউ কেউ আদা চিবিয়েও সাময়িক স্বস্তি পান। তবে গলা ব্যথা দীর্ঘস্থায়ী হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।