নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভীকে নতুন করে ফতুল্লা থানার চারটি হত্যা মামলা ও সদর থানার পুলিশের কাজে বাধাসহ হামলার মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে সদর থানায় পুলিশের ওপর হামলার একটি মামলা এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ফতুল্লা) মায়মুনা আকতার মনির আদালতে ফতুল্লার চারটি হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ মঞ্জুর করেন।
আদালতে আইভীর অনুপস্থিতিতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। যদিও এসব হত্যা মামলায় আইভীর নাম নেই।
পুলিশ বলছে, তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। এ জন্য অ্যারেস্ট দেখানোর জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা আবেদন করেছেন বলে জানিয়েছেন কোট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান।
ফতুল্লা থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর আনোয়ার হোসেন বলেন, গণঅভ্যুত্থানের সময় নিহত ইয়াসিন, আব্দুর রহমান, পারভেজ ও মোহাম্মদ আবুল হোসেন মিজি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তারা শ্যোন এরেস্ট করতে আবেদন করেছেন। তারা তদন্ত করতে গিয়ে এসব মামলায় নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর সম্পৃক্ততা খুঁজে পাওয়ায় এ আবেদন করেন।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ জানান, আইভীকে গ্রেফতারে সময় পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে তাকে গ্রেফতারের পরপরই নারায়ণগঞ্জ সদর থানায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত একশ থেকে ১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা আইভীকে পুলিশের কাজে বাধা প্রদানের মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেছেন।
গত ৮ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত নিজ বাড়ি চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করতে গেলে এলাকাবাসী পুলিশকে ঘেরাও করে রাখেন। ৬ ঘণ্টা পর ৯ মে ভোরে পুলিশ আইভীকে গ্রেফতার করে আদালতে পাঠায়। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে এক-এক করে পাঁচটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
ছয় মাস কারাভোগের পর ৯ নভেম্বর পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন দিয়েছেন উচ্চ আদালত। বিচারপতি এএসএম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ জামিন প্রদান করেন।
গত ১২ নভেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত পাঁচ মামলায় হাইকোর্টে আইভীর দেওয়া জামিন স্থগিত করে ১৭ নভেম্বর শুনানির দিন ধার্য করেন। সোমবার সরকার পক্ষের সময়ের আবেদনের কারণে শুনানি হয়নি।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, যে ৫টি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে সেসব মামলায় আইভির নাম নেই। তার জামিন বিলম্ব করার জন্য নতুন করে এ মামলাগুলো সাজানো হয়েছে। তারা নিম্ন আদালতের শ্যোন অ্যারেস্টের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।