বাংলাদেশ, সোমবার, এপ্রিল ২০, ২০২৬

চলতি মাসেই হতে পারে ঘূর্ণিঝড়

NewsPaper

স্বদেশ বানী ডেস্ক

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ণ

Bangla Today News

চলতি অক্টোবর মাসেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকলেও দেশের আবহাওয়া পরিস্থিতি প্রায় স্বাভাবিক থাকবে। আবহাওয়া অধিদপ্তরের অক্টোবরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য উল্লেখ করা হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক শনিবার বলেন, অক্টোবর মাসের প্রথম ১৫ দিন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা নেই। কারণ, এ সময় মৌসুমি বায়ু থাকবে। দ্বিতীয় সপ্তাহের পর থেকে মৌসুমি বায়ু চলে যেতে শুরু করবে। তখন ঘূর্ণিঝড় হওয়ার একটা আশঙ্কা থাকে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হয় বছরের দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ে এপ্রিল-মে মাসে, আর দ্বিতীয় পর্যায়ে অক্টোবর-নভেম্বর মাসে। চলতি মাসে স্বাভাবিক বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বলা হয়েছে, দু-এক দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-মধ্যাঞ্চলে স্বল্প মেয়াদে বন্যা হতে পারে।

এদিকে সদ্য শেষ হওয়া সেপ্টেম্বরে আবহাওয়ার সারসংক্ষেপে বলা হয়েছে, এ মাসে দেশে গড় বৃষ্টি ছিল স্বাভাবিকের চেয়ে প্রায় ২০ শতাংশ কম। বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি কম হয়েছে। শুধু সিলেট অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। সেপ্টেম্বরে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহ না থাকলেও ভ্যাপসা গরম অনুভূত হয়েছে।

৩ বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা : এদিকে ৩ বিভাগে ভারি বৃষ্টি নিয়ে ৪৮ ঘণ্টার সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সরকারের দপ্তরটি জানিয়েছে, শনিবার থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের তিন বিভাগের কোথাও কোথাও অতি ভারি বৃষ্টি হতে পারে। মূলত সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিমি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (১৮৮ মিমি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। পূর্বাভাসে জানানো হয়, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।