বাংলাদেশ, সোমবার, এপ্রিল ২০, ২০২৬

নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপর আইন-শৃঙ্খলা বাহিনী

NewsPaper

অনলাইন সংস্করণ

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ণ

নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপর আইন-শৃঙ্খলা বাহিনী


আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইনস পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
“আমরা এখনো সব অস্ত্র উদ্ধার করতে পারিনি। তবে চেষ্টা অব্যাহত আছে। নির্বাচনের আগেই বাকি অস্ত্র উদ্ধার করা হবে বলে আশা করছি। এ জন্য সবার সহযোগিতা দরকার।”

তিনি বলেন, নির্বাচনের বড় স্টেকহোল্ডার রাজনৈতিক দলগুলো। তাদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
“নারায়ণগঞ্জে পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট রয়েছে। তবে অতিরিক্ত কোনো প্রয়োজন হলে, তা পূরণের ব্যবস্থা নেওয়া হবে,” যোগ করেন তিনি।

মিডিয়ার ভূমিকায় সন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“আপনারা সত্য প্রকাশ করলে বিভ্রান্তি হবে না। আমরা মন্ত্রণালয় থেকে যেটা সত্য, সেটাই প্রকাশ করি—তাতে জনগণ সচেতন হয়। কিছু স্বার্থান্বেষী মহল সবসময় সমস্যা সৃষ্টি করে, তবে আমাদের লক্ষ্য আইন-শৃঙ্খলা বজায় রাখা। রাজনীতিবিদদের দায়িত্ব জনগণের ভোট পাওয়া।”

জুলাই মাসের গণ-অভ্যুত্থানের মামলাগুলোর বিষয়ে তিনি বলেন,
“অনেক মামলার অগ্রগতি শুরু হয়েছে। তবে একাধিক মামলায় উদ্দেশ্যমূলকভাবে অনেক ব্যক্তিকে আসামি করা হয়েছে, যার ফলে তদন্তে বিলম্ব হচ্ছে। আমরা নিশ্চিত করছি, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগপত্র দাখিল করা হবে।”

পরিদর্শনকালে র‍্যাব-১১ সদর দপ্তরেও যান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন—
র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, তারেক আল মেহেদী, ইসরাত জাহানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।