বাংলাদেশ, মঙ্গলবার, মে ৫, ২০২৬

জামায়াতের সমাবেশে অসুস্থ ডা. শফিকুর, শীর্ষ রাজনীতিকদের সহমর্মিতা

NewsPaper

অনলাইন সংস্করণ

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ণ

জামায়াতের সমাবেশে অসুস্থ ডা. শফিকুর, শীর্ষ রাজনীতিকদের সহমর্মিতা

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৯ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে দুই দফায় অসুস্থ হয়ে পড়েন দলটির আমির ডা. শফিকুর রহমান। পরিস্থিতি সত্ত্বেও তিনি বক্তব্য শেষ করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।


হাসপাতালে ভর্তির পর তাকে দেখতে যান বিএনপি, এলডিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও তার শারীরিক অবস্থার খোঁজ নেন।


রোববার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক পোস্টে ডা. শফিকুর রহমান সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সাংবাদিক ড. মাহমুদুর রহমান, অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসাইনসহ আরও অনেকেই তার খোঁজ নিয়েছেন।


এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমদ, চরমোনাই পীর মুফতি রেজাউল করিম, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ আরও অনেকে বাসায় গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ নেন।


ডা. শফিকুর রহমান জানান, দেশের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাদের এই সহমর্মিতা তার কাছে স্মরণীয় হয়ে থাকবে।


শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে সভাপতির বক্তব্যের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পাশে থাকা নেতাকর্মীরা তাকে সহায়তা করেন। কিছু সময় পর তিনি আবারো বক্তব্য দিতে গিয়ে বসেই বক্তব্য শেষ করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টা ১৫ মিনিটে তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।