রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন, সরকার সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নিয়মিত সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সকল সংসদ সদস্য জবাবদিহিতার আওতায় থেকে দায়িত্ব পালন করছেন এবং জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করেই উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বুধবার সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে জনসাধারণের মাঝে মানবিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পবা উপজেলায় পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ করা হবে, যার ফলে সাধারণ মানুষ ও কৃষকেরা সরাসরি উপকৃত হবেন এবং সরকারি সুবিধা সহজভাবে গ্রহণ করতে পারবেন।
পবা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ১১০টি অসচ্ছল পরিবারের মাঝে মোট ৫ লাখ টাকার মানবিক সহায়তার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই এসব সহায়তা বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম। এ সময় পবা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা সুলতানুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সহায়তা পাওয়া পরিবারগুলোর সদস্যরা জানান, এই আর্থিক সহায়তা তাদের প্রয়োজনের সময় কিছুটা হলেও স্বস্তি দেবে। তারা সরকারের এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।