বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

তানোরে পৃথকভাবে নারী পুরুষের আত্মহত্যা

NewsPaper

তানোর প্রতিনিধি

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ

তানোরে পৃথকভাবে নারী পুরুষের আত্মহত্যা

রাজশাহীর তানোর উপজেলায় স্ত্রী ছেড়ে যাওয়ার পর মানসিক অশান্তির জেরে রাহিম মোল্লা (২১) নামের এক যুবক ও তানোর পৌর সদরের ৫নং ওয়ার্ড মোল্লাপাড়ার সাইদুল রহমানের স্ত্রী রওশনারা (৪৫) পারিবারিক কলহের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কুন্দাইন গ্রামে নিজ বাড়িতে ও তানোর পৌর সদরের ৫নং ওয়ার্ডের মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রাহিম মোল্লা কুন্দাইন গ্রামের সিদ্দিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির একটি কক্ষে তীরের সঙ্গে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, রাহিম মোল্লার প্রথম স্ত্রী তাকে ছেড়ে যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। তবে প্রায় দেড় মাস আগে দ্বিতীয় স্ত্রীও তাকে ছেড়ে চলে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও পৌর সদরের মোল্লাপাড়া গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী রওশনারা বিকেল ৫টার দিকে নিজ ঘরের শয়নকক্ষ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।