বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

উপজেলা বিএনপির দুই শীর্ষ নেতাকে শোকজ

দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে শোকজ, ছয় ইউনিয়নের কমিটি স্থগিত
NewsPaper

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ণ

উপজেলা বিএনপির দুই শীর্ষ নেতাকে শোকজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাজশাহীর দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা বিএনপি। একই সঙ্গে উপজেলার ছয়টি ইউনিয়ন বিএনপির নবঘোষিত কমিটি স্থগিত করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু সাইদ চাঁদ স্বাক্ষরিত পৃথক দুই চিঠিতে বিষয়টি জানানো হয়। 


প্রথম চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দুর্গাপুর উপজেলার অধীন ছয়টি ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় না করে অনুমোদন দেওয়া হয়। এতে দলের ভেতরে ও বাইরে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন উপজেলা আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না— সে বিষয়ে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় চিঠিতে জানানো হয়, রাজশাহী বিভাগের বিএনপি সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এর নির্দেশক্রমে দুর্গাপুর উপজেলার নওপাড়া, কিসমত গণকৈড়, পানানগর, দেলুয়াবাড়ী, ঝালুকা ও জয়নগর ইউনিয়ন বিএনপির আংশিক পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়েছে।


চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, রাজশাহী বিভাগের সমন্বয়ক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম ও এএইচএম ওবায়দুর রহমান চন্দনসহ দলের শীর্ষ নেতাদের কাছে।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কামরুজ্জামান আয়নাল মুঠোফোনে বলেন, “আমি কিছুক্ষণ আগেই চিঠিটি পেয়েছি। বিএনপির গঠনতন্ত্রে যদি এ ধরনের বিষয় থেকে থাকে, তাহলে নিয়ম অনুযায়ী জবাব দেব।”

সদস্য সচিব জোবায়েদ হোসেনের মুঠোফোনে কল করা হলে রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ মুঠোফোনে বলেন, “জি, এটি সত্য।কমিটিগুলো স্থগিত করা হয়েছে এবং শোকজ দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।