বাংলাদেশ, রবিবার, এপ্রিল ৫, ২০২৬

নগরীতে বিএনপি নেতা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন, মিনুর শোক প্রকাশ

NewsPaper

নিজস্ব প্রতিবেদন

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ণ

Bangla Today News

রাজশাহী মহানগর বিএনপির অন্তর্গত বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল শনিবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রোববার (৫ অক্টোবর) বাদ জোহর রাজশাহী নগরের টিকাপাড়া ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে টিকাপাড়া কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু উপস্থিত ছিলেন।

এছাড়াও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, ওয়ালিউল হক রানা, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি প্রমুখ উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন আগে রাজশাহীর মোহনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রফিকুল ইসলাম রফিক। প্রথমে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিএনপি নেতা রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

এক শোকবার্তায় তিনি বলেন, “রফিকুল ইসলাম রফিক ছিলেন দলের নিবেদিতপ্রাণ কর্মী। আন্দোলন–সংগ্রামে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”