সুশৃঙ্খল সমাজ গঠনের লক্ষ্যে মাদক, চুরি ও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর শালবাগান এলাকার পাওয়ার হাউস মোড়ে এ সমাবেশের আয়োজন করে স্থানীয় দোকান মালিক ও বণিক সমিতি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোেপলিটন পুলিশের বোয়ালিয়া ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদ। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি খাজা তারেক সিজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মেহেদী মাসুদ।
এসময় মঞ্চে উপবিষ্ট বক্তারা বলেন, বর্তমান সমাজে যে ক'টি ব্যাধি আমাদের ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছে, তার মধ্যে অন্যতম হলো মাদক, চুরি এবং সন্ত্রাস। এই তিনটি সমস্যার কারণে পরিবার, সমাজ ও জাতি আজ মারাত্মক হুমকির মুখে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর দায় চাপিয়ে দিলে হবে না- এই ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সকল সচেতন নাগরিককে একত্রিত হয়ে।
তারা বলেন, মাদক একটি মানুষের শুধু শারীরিক ও মানসিক ক্ষতিই করে না, বরং তার পুরো পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আমাদের তরুণ প্রজন্ম আজ এই মরণনেশার ফাঁদে পড়ে ভবিষ্যৎ হারাচ্ছে। স্কুল-কলেজপড়ুয়া ছেলেমেয়েরা নেশায় জড়িয়ে পড়ছে, ফলস্বরূপ বেড়ে যাচ্ছে ড্রপ-আউট, অপরাধ প্রবণতা, এবং মানসিক ভারসাম্যহীনতা। এই বিপদ থেকে বাঁচতে হলে দরকার পারিবারিক সচেতনতা, শিক্ষা প্রতিষ্ঠানের কঠোর নজরদারি, এবং সর্বোপরি সামাজিক উদ্যোগ।
তারা আরো বলেন, সমাজ শুধু প্রশাসনের মাধ্যমে চলে না, সমাজ চলে আমাদের সম্মিলিত প্রয়াসে। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে হলে এখনই সময়- আমরা সবাই মিলে একসাথে রুখে দাঁড়াই। পরিবারে, পাড়ায়, মহল্লায়, স্কুলে, অফিসে- সর্বত্র গড়ে তুলি সচেতনতার দেয়াল, যাতে এই বিষবৃক্ষ আর নতুন কোনো প্রাণ কেড়ে না নিতে পারে।