বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

সিসি ক্যামেরা অকেজো, অচল হয়ে রয়েছে সুযোগ নিচ্ছে অপরাধীরা জেলা শহরের অধিকাংশ সিসি ক্যামেরা ভাঙা

NewsPaper

স্বদেশ বানী ডেস্ক

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ণ

সিসি ক্যামেরা অকেজো, অচল হয়ে রয়েছে সুযোগ নিচ্ছে অপরাধীরা জেলা শহরের অধিকাংশ সিসি ক্যামেরা ভাঙা

ছোট-বড় চুরি, ছিনতাই, ইভ টিজিং ও কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে

২০২১ সালে শহরের ৬৫টি পয়েন্টে ১০০টি ক্যামেরা বসানো হয়

সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে বসানো সিসি ক্যামেরা এখন অকেজো হয়ে পড়ে আছে। 

সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে বসানো সিসি ক্যামেরা এখন অকেজো হয়ে পড়ে আছে। 

খুন, ছিনতাই, চুরি কিংবা ডাকাতির মতো ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমেই ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে থাকে। এসব ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের দ্রুত শনাক্তের চেষ্টা চলে। শুধু অপরাধী শনাক্তই নয়, অপরাধ নিয়ন্ত্রণেও সিসি ক্যামেরার কার্যকারিতা রয়েছে। কিন্তু সিরাজগঞ্জ শহরে দীর্ঘদিন ধরে অধিকাংশ সিসি ক্যামেরা ভাঙা বা অচল হয়ে আছে। এতে পুলিশ অপরাধী শনাক্তে সমস্যায় পড়ছে।

পুলিশ বলছে, অপরাধীরা অনেক সময় অপরাধ সংঘটনের আগে ক্যামেরা ভেঙে ফেলার চেষ্টা করে, যাতে দ্রুত শনাক্ত না হয়। ফলে পর্যাপ্ত ও কার্যকর সিসি ক্যামেরা না থাকায় শহরে অপরাধীরা অপরাধ করার সুযোগ নেয়।

এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সিসি ক্যামেরা থাকলে তো আমাদের কাজ সহজ হয়। অপরাধীদের শনাক্ত করা সহজ হয়। কিন্তু সিসি ক্যামেরা না থাকায় আমাদের কাজ করতে কষ্ট হচ্ছে। এ জন্য আগের চেয়ে অপরাধীরা অপরাধ করার সুযোগ বেশি পাচ্ছে।’

স্থানীয়রা বলছেন, বর্তমানে শহরের বেশির ভাগ সরকারি ক্যামেরা অকেজো। এদিকে ছোট-বড় চুরি, ছিনতাই, ইভ টিজিং ও কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে। ফলে সাধারণ মানুষকে আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, সিরাজগঞ্জ শহরের এসএস রোড, মুজিব সড়ক, কড়িতলা ও বাজার স্টেশন এলাকায় সিসি ক্যামেরাগুলো নষ্ট অবস্থায় পড়ে রয়েছে। শহরের বিভিন্ন মোড়ে শুধু ক্যামেরার কাভার ঝুলে আছে।