কয়েকদিনের টানা বৃষ্টি ও পূজার কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ থাকায় দিনাজপুরের খুচরা বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজি দরে। শনিবার (৪ সেপ্টেম্বর) দিনাজপুর শহরের রেলবাজার হাট, বাহাদুর বাজার, উপশহর বাজার, ফুলবাড়ী বাসস্ট্যান্ড, সুইহারী বাজার ও হাবিপ্রবির সামনে বাঁশের হাট বাজারে খবর নিয়ে এমন চিত্র জানা গেছে।
জানা গেছে, শহরের মধ্যে ঐতিহাসিক সাপ্তাহিক হাট রেলবাজার হাট ও শহরের সবচেয়ে বড় কাঁচাবাজার বাহাদুর বাজারে কাঁচামরিচের আমদামি কমে গেছে। যেখানে ২০০ থেকে ৩০০ বস্তা মরিচ আসে, সেখানে আমদানি হচ্ছে ৪০ থেকে ৫০ বস্তা।
বৃষ্টি ও পূজার জন্য হিলি স্থলবন্দর দিয়ে মরিচ আমদানি না হওয়ায় দাম বেড়েছে।
বাহাদুর বাজারের পাইকারি মরিচ বিক্রেতা খায়রুল ইসলাম বলেন, দিনাজপুরের বাজারে দেশি মরিচ পাইকারি বিক্রি হয়েছে ২২০ থেকে ২৫০ টাকা। তবে শনিবার সন্ধ্যায় হিলি বন্দর দিয়ে মরিচ ঢুকেছে। আজ দাম কমে যাবে।
খুচরা মরিচ বিক্রেতা মো. ফরিদ হোসেন বলেন, কয়েকদিন আগেও কাঁচামরিচ ১৬০ টাকা কেজি বিক্রি হয়েছে। আজ বিক্রি হচ্ছে ৩২০ টাকা।
মরিচের দোকানের কর্মচারী আব্দুল আলিম বলেন, এখন আর কেউ কেজি দরে মরিচ কেনে না। দাম বাড়ায় ৫০ গ্রাম থেকে ১০০ গ্রাম কিনছেন।
আমদানি কমেছে, দাম বেড়েছে, বিক্রি কমেছে।