রওশন আলম, নওগাঁ published: ২৪ এপ্রিল, ২০২৬, ০৭:১৬ পিএম

নওগাঁর মান্দা উপজেলার এলেঙ্গা গ্রামে অবৈধভাবে গভীর রাতে ফসলি জমির মাটি কর্তনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১২টার দিকে পরিচালিত এ অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জমির মালিক আয়েন উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কেলেটর (ভেকুর) ৩ টি ব্যাটারি জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখের নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন,
“কৃষিজমি আমাদের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে জমির স্বাভাবিক উর্বরতা নষ্ট করা হচ্ছে, যা ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”