বাঘা (রাজশাহী) প্রতিনিধি published: ০৬ এপ্রিল, ২০২৬, ১১:১৪ পিএম

হেলমেট ছাড়া পাম্পে তেল নিতে আসায় রাজশাহীর বাঘায় সোমবার (০৬-০৪-২০২৬) বিকেলে ২জন মোটরসাইকেল চালককে ১৫০০শ টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার নারায়নপুরের শাহিন আলম ও কলিগ্রামের এব্রাহিম মোল্লা। তেল সাশ্রয় ও নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট ও বৈধ কাগজপত্র ছাড়া পাম্পে তেল বিক্রি বন্ধে এই অভিযান চালানো হয়।
জানা যায়,তেল নিতে মোটরসাইকেল রেজিষ্ট্রেশন,ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট বাধ্যতামূলক ছাড়াও যাদের মোটরসাইকেলে তেল আছে তাদের লাইনে না দাঁড়ানোর জন্য নিষেধ করে ব্যানার টানিয়ে দেওয়া হয়। স্থানীয় প্রশাসনের এই আদেশ বাস্তবায়ন করে “বাঘা পেট্রোলিয়াম এজেন্সী”। এই উদ্যোগের ফলে বাইকারদের মধ্যে হেলমেট ব্যবহারের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পাম্পে শৃঙ্খলা ফেরানোর কাজ করছে পুলিশ।
শাহিন আলম ও এব্রাহিম মোল্লাসহ অনেকেই জানান,বিকের ৪টায় তেল দেওয়ার কথা শুনে সকাল ১০ টার পর থেকে লাইনে দাড়ানো শুরু করেন। তারা বলেন,কষ্ট হলেও তেল পেয়েছি এতেই শান্তি লাগছে। তবে শেষের দিকে দুই শতাধিক বাইকার তেল না পাওয়ার অভিযোগ করেছেন।
“বাঘা পেট্রোলিয়াম এজেন্সী”র স্বত্তাধিকারি লুৎফর রহমান জানান.সোমবার তার পাম্পে ৩হাজার লিটার পেট্রোল ও সাড়ে ৪ হাজার লিটার ডিজেল পেয়েছিলেন। সেগুলো প্রশাসনের উপস্থিতিতেই শৃঙ্খলার মাধ্যমে গ্রাহকের কাছে বিক্রি করা হয়েছে।
বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, বাইকারদের মধ্যে হেলমেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলার মধ্য দিয়ে পাম্পে সকলেই তেল নিতে পারেন সেজন্য আমার নের্তৃত্বে পুলিশ ফোর্স দায়িত্ব পালন করছেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভুমি কার্যালয়ের সিনিয়র সহকারি সচিব সাবিহা সুলতানা ডলি জানান,তেলের সংকট এড়াতে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে কাগজবিহীন বাইকারা তেল নিতে না পারেন সেজন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।