স্বদেশ বানী ডেস্ক published: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৫৬ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্বস জয় পেতে যাচ্ছে বিএনপি। ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন দলটি। শুক্রবার জুমার নামাজের পর দোয়া ও মোনাজাত করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি না করা হয়েছে বিজয় মিছিল করতেও।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে বিএনপি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এ উপলক্ষে আগামীকাল ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) বাদ জুমা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত ও দেশবাসীর প্রতি শুভ কামনায় দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।
একইসঙ্গে কোথাও কোনও আনন্দ মিছিল, সভা বা সমাবেশ করা যাবে না।
বিজ্ঞপ্তিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে মসজিদে অনুষ্ঠিতব্য দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ হয়।