নিজস্ব প্রতিবেদন published: ২৩ জানুয়ারী, ২০২৬, ০১:৪২ পিএম

জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রথম দিনই রাজশাহীতে প্রার্থীদের জমজমাট প্রচারণা শুরু হয়েছে। প্রতীক বরাদ্দের পর বুধবার দিবাগত মধ্যরাতেই রাজশাহীর ছয়টি সংসদীয় এলাকা প্রার্থীদের কাপড়ের পোস্টারে ঢেকে যায়। বৃহস্পতিবার সকাল থেকে গণসংযোগে নামেন প্রার্থীরা।
এ দিন সকালে বেলা সাড়ে ১১টায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। কোরআান তেলওয়াতের মধ্য দিয়ে গোদাগাড়ীর ডাইংপাড়া এলাকা থেকে শুরু হয় তার প্রচারণা। নেতাকর্মীদের নিয়ে তিনি গোদাগাড়ী পৌর এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি দোয়া কামনা করেন তিনি।
এ সময় নির্বাচনে জয়ের আশাবাদ ব্যক্ত করে অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জয় পরাজয়ের মালিক আল্লাহ। আমরা আশাবাদী। যদিও এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনকে শক্ত ভূমিকা পালন করতে হবে। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। কিন্তু আমরা কিছুটা শঙ্কার মধ্যে রয়েছি। কারণ নির্বাচনে একটা দলকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে। তারা দোয়া মাহফিলের নামে প্রচারণা চালানোর সুযোগ পেয়েছে।
এদিকে বিকেলে রাজশাহী-২ (সদর) আসনের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান মিনু নগরের সপুরা এলাকা থেকে প্রচারণা শুরু করেন। তিনি ভোটারদের হাতে হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন। এ আসনের জামায়াতের প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর নগরের সাহেববাজার এলাকা থেকে গণসংযোগ করেন সকালে। রাজশাহীর অন্যান্য আসনের প্রার্থীরাও সকাল থেকেই তাদের এলাকায় প্রচারণা চালান। গণসংযোগ করেন।