মোঃ রওশন আলম, নওগাঁ published: ১০ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩৭ এএম

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ডাসকো ফাউন্ডেশন ও গণ উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।
আলোচনা সভায় সাথী বলেন-“নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পরিবার–সমাজ–রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ জরুরি। ডিজিটাল জগতে নারীর নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি।”
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. শারমিন আনাম, উপজেলা তথ্য আপা সিরাজুম মুনিরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (বিআরডিবি) সেলিনা আক্তার, আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা।
বক্তারা বেগম রোকেয়ার আদর্শকে স্মরণ করে নারী শিক্ষার বিস্তার, কর্মসংস্থান বৃদ্ধি ও সহিংসতা প্রতিরোধে সামাজিক ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন।
আলোচনা শেষে ৫ জনকে “অদম্য নারী পুরস্কার” প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন-সফল জননী: মোছাঃ মাহমুদা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্যে: প্রীতি রানী, অর্থনৈতিক সাফল্য: প্রমিলা রানী পাহান, সমাজ উন্নয়নে: মোছাঃ মাজেদা, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী মুক্তা রানী।