আন্তর্জাতিক ডেস্ক published: ২২ নভেম্বর, ২০২৫, ১০:২৪ এএম

মার্কিন সেনাসদস্যদের বেআইনি আদেশ মানতে অস্বীকার করার আহ্বান জানিয়ে ভিডিও প্রকাশের পর ছয়জন ডেমোক্র্যাট আইনপ্রণেতাকে ‘রাষ্ট্রদ্রোহী’ আচরণের অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘এটা সত্যিই ভয়াবহ আর আমাদের দেশের জন্য বিপজ্জনক। তাদের কথাগুলো কোনোভাবেই আমলে নিতে দেওয়া যাবে না। বিশ্বাসঘাতকদের রাষ্ট্রদ্রোহী আচরণ!!! তাদের জেলে ঢোকাব?’ বিবিসি।
এই ছয়জন আইনপ্রণেতার সবাই সামরিক বাহিনী বা গোয়েন্দা বিভাগে কাজ করেছেন। তারা ট্রাম্পের মন্তব্যকে বিপজ্জনক বলে আখ্যায়িত করে বলেছেন, এগুলো নির্বাচিত কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকির শামিল। যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘কোনো হুমকি, ভয় বা সহিংসতার আহ্বান আমাদের সেই পবিত্র দায়িত্ব থেকে বিরত রাখতে পারবে না।’ মিশিগানের সিনেটর এলিসা স্লটকিনের শেয়ার করা ডেমোক্র্যাটদের সেই ভিডিওটিতে অংশ নিয়েছেন অ্যারিজোনার সিনেটর মার্ক কেলি এবং পেনসিলভানিয়ার প্রতিনিধি ক্রিস ডেলুজিও, নিউ হ্যাম্পশায়ারের প্রতিনিধি ম্যাগি গুডল্যান্ডার, পেনসিলভানিয়ার প্রতিনিধি ক্রিসি হুলাহান এবং কলোরাডোর প্রতিনিধি জেসন ক্রো। নৌবাহিনীতে দায়িত্ব পালনকারী ও সাবেক মহাকাশচারী সিনেটর কেলি বলেন, ‘আমাদের আইন স্পষ্ট। আপনি বেআইনি আদেশ মানতে অস্বীকার করতে পারেন।’ ভিডিওতে আইনপ্রণেতারা বলেন, ‘কেউই এমন কোনো আদেশ পালন করতে বাধ্য নন যা আইন বা আমাদের সংবিধান লঙ্ঘন করে।’