পুঠিয়া প্রতিনিধি published: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৮ পিএম

রাজশাহীর পুঠিয়ায় গর্ভবতী গাভী জবাইয়ের পর তার পেট থেকে বাছুর উদ্ধারকে কেন্দ্র করে বানেশ্বর বাজারে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বানেশ্বর বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোরে কসাই রিয়াজুল ইসলাম মাংস বিক্রির জন্য একটি গাভী জবাই করেন। কিছুক্ষণ পর দেখা যায়, গাভীর গর্ভে একটি বাছুর ছিল। বিষয়টি গোপন করার জন্য রিয়াজুল তার সহযোগী রাজুকে দিয়ে জবাইস্থলের পাশেই একটি গর্ত খুঁড়ে বাছুরটি পুঁতে রাখেন।
এ সময় স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে রাজুকে জিজ্ঞাসা করলে প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে। খবর ছড়িয়ে পড়তেই বাজারে উত্তেজনা দেখা দেয় এবং উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে। তারা জানান, দীর্ঘদিন ধরে গর্ভবতী গাভী জবাইয়ের ঘটনা ঘটলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তারা দ্রুত প্রশাসন ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের হস্তক্ষেপ দাবি করেছেন।
বানেশ্বর বনিক সমিতির সভাপতি মতিউর রহমান মতি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
অভিযুক্ত কসাই রিয়াজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি আওয়ামী লীগ সমর্থক বলেই আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। যেখানে ডাক্তার পরীক্ষা করার পর গ্রাম পুলিশ সিল মেরেছে, সেখানে আমি কোনো অপরাধ করিনি।”
ভিডিও নিউজ লিংক: রাজশাহীতে গরু জবাই, পেটে পাওয়া গেল বাছুর ।