বাংলাদেশ, বুধবার, মে ১৩, ২০২৬
logo

ওভারলোড ড্রাম ট্রাকের আহত ছাত্রদল নেতা, সুষ্ঠু তদন্ত চেয়ে ছাত্রদলের বিবৃতি


নিজস্ব প্রতিবেদন published:  ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৭ পিএম

ওভারলোড ড্রাম ট্রাকের আহত ছাত্রদল নেতা, সুষ্ঠু তদন্ত চেয়ে ছাত্রদলের বিবৃতি

রাজশাহী পঞ্চবটী এলাকার সড়কে ওভারলোড ও অবৈধ ড্রাম ট্রাকের বেপরোয়া গতির কারনে দুর্ঘটনার শিকার হন নগর ছাত্রদলের রাজপাড়া থানা শাখার সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান কোকো। পরে অবৈধ ড্রাম ট্রাকের বেপরোয়া গতি বন্ধ ও দুর্ঘটনার বিষয়ে সচেতন করতে গেলে মারমুখী আচরণ ও হুমকির সম্মুখীন হন তিনি। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নগর ছাত্রদল।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার (১ সেপ্টেম্বর) রাতে নগরীর পঞ্চবটী সড়কে চলন্ত অবস্থায় একটি ওভারলোডেড ড্রাম ট্রাক থেকে বিপুল পরিমাণ মাটি রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আসা মোটরসাইকেলে থাকা কোকো দুর্ঘটনায় আহত হন। পরবর্তীতে ওভারলোড ও অবৈধ ড্রাম ট্রাকের বেপরোয়া গতির ব্যবহার বন্ধ এবং দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে উল্টো দাযিত্বশীল মহল থেকে মারমুখী আচরণ ও হুমকির শিকার হতে হয় কোকোকে। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শে বাসায় চিকিৎসাধীন রযেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ ঘটনায় রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি এবং সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে বিষয়েও সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।