স্বদেশ বানী ডেস্ক published: ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০২ পিএম

নেপালের বিপক্ষে ৬ ও ৮ আগস্ট দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দল ঘোষণা করেছে। দলে ফিরেছেন পাপন সিং।
বাফুফে আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে। নেপাল ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে ১০ মাস পর ফিরলেন পাপন সিং। সবশেষ তিনি আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন গত বছরের নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের দলে আছেন তিন গোলরক্ষক মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগে তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, মোহাম্মদ ইসা ফয়সালের মতো তারকারা আছেন।
আক্রমণভাগে পাপনের সঙ্গে থাকছেন রাকিব হোসেন, সুমন রেজার মতো ফুটবলাররা। মাঝমাঠে জামাল ভূঁইয়া, দুই সোহেল রানার সঙ্গে আছেন সৈয়দ কাজেম শাহ কিরমানি, মোহাম্মদ হৃদয়রা। তবে এখানে হামজা চৌধুরী, শমিত সোমদের মতো তারকাদের অভাব বোধ করতে পারে বাংলাদেশ। ১০ জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় শমিতের। বাংলাদেশ ২-১ গোলে সিঙ্গাপুরের কাছে হারলেও শমিত নজর কেড়েছেন। এদিকে হামজা ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে অভিষেকের পর থেকেই দুর্দান্ত খেলছেন। বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত তিন ম্যাচে এক গোল করেছেন ও একটি গোলে অ্যাসিস্ট করেছেন। চোটে পড়ার কারণে হামজার ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটি ছাড়বে না বলে নেপাল ম্যাচে তাঁকে পাবে না বাংলাদেশ।
এদিকে বাংলাদেশ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে চার দলের মধ্যে তিন নম্বরে অবস্থান করছে। হামজাদের এখানে পয়েন্ট ১। ভারতের ১ পয়েন্ট হলেও তারা চারে। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা সিঙ্গাপুর, হংকং দুই দলেরই পয়েন্ট ৪। বাছাইপর্বে বাংলাদেশের পরের ম্যাচ ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে।
নেপালের বিপক্ষে বাংলাদেশের দল
মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, মোহাম্মদ পাপ্পু হোসেন, রহমত মিয়া, মোহাম্মদ ইসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ আবদুল্লাহ ওমর, সৈয়দ কাজেম শাহ কিরমানি, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, আরিফ হোসেন, মোহাম্মদ শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, পাপন সিং, মোহাম্মদ ফয়সাল আহমেদ ফাহিম।