বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
logo

রাজশাহীতে হত্যা মামলার আসামিকে খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদন published:  ২৬ আগস্ট, ২০২৫, ০২:৪৪ পিএম

রাজশাহীতে হত্যা মামলার আসামিকে খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজশাহীতে হত্যা মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মো. ফয়সাল (২৬)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের বাসিন্দা। র‌্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি দল মঙ্গলবার রাজশাহীর পুঠিয়া উপজেলার আগলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ১৪ মে দুর্গাপুরে পূর্ব শত্রুতার জের ধরে মারামারির ঘটনায় হাসিবুর নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ওই ঘটনায় গত ১৫ মে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা হয়।

এ মামলার এজাহারনামীয় আসামি ছিলেন ওয়াজেদ আলী নামের এক ব্যক্তি। তিনি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্ত হয়ে তিনি এলাকায় অবস্থান করছিলেন। গত ১০ আগস্ট ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে হোজা বিলে নিজের পান বরজে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের কমপক্ষে ৩০ থেকে ৩৫ জন লাঠি, লোহার রড, হাসুয়া ও রামদা দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান এবং গুরুতর জখম করেন।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলী মরা যান। এ ঘটনায় নিহত ওয়াজেদ আলীর স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এ মামলায় ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।